নিজস্ব প্রতিবেদক ||
● পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ট্রলি ভ্যান ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে রেজাউল ইসলাম (১৬) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে আমির হোসেনের রাস্তার মাথা এলাকার গ্রামীণ ব্যাংকসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল পটুয়াখালী সদর উপজেলার কুড়িপাইকা এলাকার আবু ইউসুফ হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানান, সংঘর্ষের পর অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে যাত্রীদের উদ্ধার করতে শুরু করেন।
আমতলী উপজেলার আঠারো গাছিয়া ইউনিয়নের আবদুর রশিদ মৃধার ছেলে বলেন, ‘মবিল নিতে দুমকী আসছিলাম। দেখি অটো গাড়িটা পানিতে পড়ে গেছে। লোকজন ধরে ধরে যাত্রীদের তুলছে। ড্রাইভারকে জিজ্ঞেস করা হয় ভেতরে আর কেউ আছে কি না। ড্রাইভার বলে, “আর কেউ নাই।” পরে পানি পরিষ্কার হলে এক নারী একজনের প্যান্ট দেখে চিৎকার দেন।’
দুর্ঘটনায় গুরুতর আহত রেজাউলকে স্থানীয়রা উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, ‘বালুবোঝাই একটি টমটমের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে অটোটি রাস্তা থেকে ছিটকে পুকুরে পড়ে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হন। নিহত রেজাউলের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সাউথ বাংলা ডেস্ক 










