রাজনীতির রঙিন মঞ্চে যখন একের পর এক তারকার উপস্থিতি, তখন স্বচ্ছতা আর নিরপেক্ষতার বার্তা দিলেন ঢাকাই সিনেমার বর্ষীয়ান অভিনেতা বাপ্পারাজ। বৃহস্পতিবার এক অনানুষ্ঠানিক আলোচনায় তিনি জানালেন, জীবনে বহু রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিলেও কখনও কোনও ‘সুযোগ’ নেওয়ার চেষ্টা করেননি। আর সেটাই তাঁকে রক্ষা করেছে— এমনটাই দাবি তাঁর।
“আমি অনেক অনুষ্ঠানে গিয়েছি। দাওয়াত দিলে আওয়ামী লীগের পার্টিতে গিয়েছি, বিএনপির পার্টিতে গিয়েছি, ছবিও তুলেছি। কিন্তু আমাদের পেছনে তো পুলিশ দৌড়ায় না। আমাদের তো কেউ বলে না, তুমি এটা করছ কেন? কারণ, আমি কখনো সুযোগ নিতে চাইনি,” — এমন সাফ মন্তব্য করেন বাপ্পারাজ।
তাঁর কথায়, ঢাকাই শিল্পীমহলের অনেকেই রাজনীতির মঞ্চে নিজেদের প্রতিষ্ঠা করতে চেয়েছেন। কেউ কেউ সুযোগ নিয়ে নিজস্ব লাভের চেষ্টা করেছেন। আর তার জেরেই তারা আজ ‘বিপদে’ পড়েছেন।
রাজনীতির সঙ্গে তারকাদের সম্পর্ক নতুন নয়। কেউ দলীয় টিকিটে নির্বাচনে লড়েছেন, কেউ প্রচারে অংশ নিয়েছেন। কিন্তু বাপ্পারাজের মতে, একজন শিল্পীর আসল পরিচয় তাঁর কাজ, তাঁর নিষ্ঠা। আর সেটিই তাঁকে সবসময় ‘নিরাপদ’ রেখেছে।
তবে নাম না করে তিনি কার ইঙ্গিত করলেন? কারা সেই ‘বিপদে পড়া’ শিল্পী? প্রশ্ন থেকে যায়। তবে তারকাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিতর্কের আগুনে এই মন্তব্য যে নতুন করে ঘি ঢালবে, তা বলাই বাহুল্য।
সাউথ বাংলা ডেস্ক 















